চট্টগ্রামের রাউজানে মাত্র ৪৩ ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২৪ এপ্রিল) কাউসারুজ্জামান বাবলু (৩৬) খুনের রেশ কাটতে না কাটতেই গত রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নাছির উদ্দীন (৫৫) নামে আরো এক কর্মী হত্যাকাণ্ডের শিকার হন। এই জোড়া খুনে পুরো উপজেলাজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
সবশেষ হত্যাকাণ্ডটি ঘটেছে কদলপুর ইউনিয়নের লেংগা বাইল্যার ঘাটা এলাকায়। নিহত নাছির উদ্দীন দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়ির পাশে গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার বা মাটি ও পাহাড় কাটা সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত নাছিরের বিরুদ্ধেও আগে ছয়টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাউজান পৌরসভার জঙ্গল রাউজান এলাকায় খুন হন কাউসারুজ্জামান বাবলু। নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য যে, রাউজানে চলতি বছর এটিই প্রথম রাজনৈতিক সহিংসতার ঘটনা নয়। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আরো দুই যুবদল নেতা-কর্মীকে একইভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। বারবার এমন প্রাণহানির ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানিয়েছেন, এই দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এসএফ