ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ অঞ্চলের নদীবন্দরগুলোকে ০২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ০১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরির কারণে আগামী কয়েক দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৮ মি.মি.-এর বেশি) বৃষ্টি হতে পারে। এই বর্ষণের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা তৈরির শঙ্কা রয়েছে।
এসএফ