আগামী সপ্তাহ থেকে সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, তেলের আমদানি খরচ ২ বিলিয়ন ডলার বৃদ্ধি পাওয়া এবং বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া থাকার পরও সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এছাড়া আগামী ৫ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বর্তমানে দেশজুড়ে লোডশেডিং চলছে। এই পরিস্থিতিতে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য কমাতে বিদ্যুৎ বিভাগ বিশেষ সমন্বয় উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংসদে জানিয়েছেন, গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সেচ কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করা হবে। মূলত গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ভারসাম্য আনতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এসএফ