সরকার ঘোষিত ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন অপরিহার্য বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সোমবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় চিফ হুইপ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভঙ্গুর অর্থনীতির দেশের হাল ধরেছেন এবং দিন-রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করছেন। এ সময় তিনি বিরোধীদলীয় নেতার বিচক্ষণতার প্রশংসা করে বলেন যে, তিনি অত্যন্ত চৌকস ব্যক্তি এবং দেশের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে নুরুল ইসলাম বলেন, সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব। তিনি গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের শরিক হওয়ার আহ্বান জানান।
সভায় সাংবাদিকরা জাতীয় সংসদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নানামুখী সমস্যার কথা তুলে ধরলে চিফ হুইপ সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। মূলত দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে তিনি মনে করেন।
এসএফ