কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৭ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা ছিলেন। পরিবার নিয়ে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ এলাকায় বসবাস করতেন। জানা গেছে, গত ১১ এপ্রিল তিনি একটি প্রশিক্ষণে অংশ নিতে চট্টগ্রামে যান। প্রশিক্ষণ শেষে গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বাসে করে ফেরার পথে রাত ১টা ২৫ মিনিটের দিকে তিনি পরিবারকে ফোনে জানান যে, তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন। এরপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কাস্টমস কর্মকর্তার এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে র্যাব অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করলো।
এসএফ