রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় উপহারের টোপ দিয়ে নারীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে রাব্বি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান। পুলিশ জানায়, অভিযুক্ত রাব্বি গত দুই মাসে অন্তত ১৩ জন নারীকে তার লালসার শিকার বানিয়েছে।
ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান, রাব্বির প্রতারণার কৌশল ছিল অত্যন্ত ধূর্ত। সে প্রথমে অনলাইন বা বিভিন্ন মাধ্যমে নারীদের সাথে সখ্যতা গড়ে তুলত এবং পরে তাদের জানাত যে, তাদের বয়ফ্রেন্ড কিছু গিফট পাঠিয়েছে। উপহার পৌঁছে দেওয়ার নাম করে সে ভিকটিমদের তার ফুপু বা চাচার বাসার কাছে ডাকত। মেয়েরা নির্ধারিত স্থানে পৌঁছালে রাব্বি ফোনে নিজেকে অসুস্থ দাবি করে জানাত যে, সে নিজে আসতে পারছে না এবং তার ফুপাতো বা চাচাতো ভাইকে পাঠাচ্ছে। মূলত সেই ভাই সেজেই সে নিজে ভিকটিমদের সামনে হাজির হতো।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সাক্ষাতের জন্য রাব্বি সাধারণত মেট্রো স্টেশন বা সচিবালয় মেট্রো স্টেশনের নিচের এলাকা ব্যবহার করত। সেখান থেকে পথ দেখানোর নাম করে বা কৌশলে সিএনজিতে তুলে ভিকটিমদের যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন দুটি গোপন আস্তানায় নিয়ে যেত এবং সেখানে তাদের জোরপূর্বক ধর্ষণ করত। ধর্ষণের পর সে ভিকটিমদের মোবাইল ফোন কেড়ে নিত এবং ফোন বিক্রির আগে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত। পরবর্তীতে এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করেই সে নতুন কোনো নারীকে টার্গেট করত।
পুলিশ জানায়, গত ৯ মার্চ প্রথম এক ভিকটিমের জিডির সূত্র ধরে তদন্ত শুরু হয়। এ পর্যন্ত ১০ জন ভিকটিমকে শনাক্ত করা গেলেও জিজ্ঞাসাবাদে রাব্বি ১৩ জন নারীকে একই কায়দায় ধর্ষণের কথা স্বীকার করেছে। ভিকটিমদের অধিকাংশই মিরপুর এলাকার বাসিন্দা। তদন্তে মিরপুর মডেল থানা পুলিশ গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।
ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, গ্রেপ্তার রাব্বির বিরুদ্ধে ইতোমধ্যে তিনটি নিয়মিত মামলা ও বেশ কিছু জিডি রয়েছে। তার বিরুদ্ধে কদমতলী থানায়ও আগে থেকে মামলা ছিল এবং এমনকি নিজের স্ত্রীকেও সে প্রতারণার মাধ্যমে বিয়ে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আশঙ্কা করছে ভিকটিমের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই সামাজিক সম্মানের ভয়ে মুখ খুলছেন না। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
এসএফ