তীব্র তাপদাহে জনজীবনে স্বস্তি ফেরাতে রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক এলাকায় বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এর ফলে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ যেসব অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা প্রশমিত হবে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও নিম্নমুখী থাকবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে ৪৬ মিলিমিটার। আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। সকালে বাতাসের আর্দ্রতা ৮০ শতাংশ থাকায় ভ্যাপসা গরম অনুভূত হলেও দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনায় পরিবেশ শীতল হওয়ার আশা করা হচ্ছে।
এসএফ