চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশফাক কবির সাজিদকে (১৭) একটি নির্মাণাধীন ভবনের আট তলা থেকে লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার (১৩ এপ্রিল) রাতে চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজিদের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন বিকেলে সাজিদকে তার বন্ধু ফারদিন হাসান কল দিয়ে মৌসুমি আবাসিক এলাকার মোড়ে ডেকে নেন। সেখানে আইমন, অনিক, রানাসহ একদল তরুণ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে সাজিদ কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে গেট বন্ধ করে দেন এবং দৌড়ে আট তলায় উঠে যান। তবে ভবনের নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দিলে হামলাকারীরা ভেতরে ঢুকে সাজিদকে মারধর করে এবং একপর্যায়ে তাকে আট তলা থেকে লিফটের ফাঁকা জায়গায় নিচে ফেলে দেয়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) চকবাজার থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ভবনের নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করেছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, কিশোর গ্যাংয়ের কোনো দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সাজিদের বাবা তার নির্দোষ ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এসএফ