ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ৯ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে

এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে

চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পাশাপাশি দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

তীব্র গরমের পাশাপাশি এ মাসে কালবৈশাখীর তাণ্ডবও দেখা দিতে পারে। পূর্বাভাস অনুযায়ী:

বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৭ দিন হালকা বা মাঝারি ধরনের শিলাবৃষ্টি হতে পারে।

অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি এপ্রিলে দেশে কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের তথ্যমতে:

২ থেকে ৪টি মৃদু (৩৬–৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮–৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া এক থেকে দু’টি তীব্র (৪০–৪১.৯° সে.) তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশ।

তাপমাত্রা বাড়লেও এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া দৈনিক গড় বাষ্পীভবন ৩.০ থেকে ৫.০ মিমি এবং গড় সূর্য কিরণকাল ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা থাকতে পারে।

উল্লেখ্য, একদিকে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের কড়াকড়ি এবং অন্যদিকে তীব্র গরমের এই পূর্বাভাস জনজীবনে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।