ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, বিএনপি বিরোধী দলের পরামর্শে নয় বরং নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার পরিচালনা করবে। সোমবার সকালে রাজধানীর সবুজবাগের পূর্ব নন্দীপাড়ায় নতুন রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রশাসক আবদুস সালাম আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে আগের মতো জলজটের ভোগান্তিতে পড়তে হবে না। বর্তমানে ঢাকা শহরের পানি নিষ্কাশনের ৩টি পথ থাকলেও সরকার তা বাড়িয়ে ১০টি করার উদ্যোগ নিয়েছে। ‘জুলাই সনদ’ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তবে সরকার ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ব্যক্তির উন্নয়ন নয় বরং সমষ্টিগতভাবে দেশের উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও জানান, রাজধানীর সড়কে দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে অটোরিকশা নিয়ন্ত্রণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নতুন রাস্তার উন্নয়ন কাজ ও খাল খনন কার্যক্রম পরিদর্শনের সময় তাঁরা এসব উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসএফ