পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত চারজনই পুরুষ এবং তাঁরা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন যাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মোট ৮৯টি ফ্লাইটে তাঁরা সৌদি পৌঁছান।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক থেকে প্রায় ৭ হাজার সেবা প্রদান করা হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়। এ বছর এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এসএফ