ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ৯ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য বিশেষ ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে এই প্রকল্পের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, মা-বোনদের রান্নার কষ্ট লাঘব এবং তাঁদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করেছে, আর এখন নতুন করে এলপিজি কার্ড প্রবর্তন করা হবে।

একই সমাবেশে কৃষকদের দেশের অহংকার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তাঁদের আর্থিক সুরক্ষা দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন যে, এই সনদের প্রতিটি শব্দ ও প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে।

এর আগে সকাল সোয়া ১০টায় যশোর বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী সরাসরি শার্শায় গিয়ে উলশী খাল পুনর্খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সফরের পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। দিনব্যাপী এই সফর শেষে সন্ধ্যায় বিমানযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।