দেশজুড়ে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টার হিসাবে হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৪৮ জন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জন এবং সিলেটে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে আসা ১ হাজার ৪৪৮ জন রোগীর মধ্যে ৯০ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এর আগের দিন রোববার (২৬ ২৬ এপ্রিল) রেকর্ড ১ হাজার ৫৬৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিল এবং প্রাণ হারিয়েছিল ৮ শিশু।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৭৯ জন অসুস্থ হয়েছে, যাদের মধ্যে ২২ হাজার ৪৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৩ জনে। এছাড়া গত দেড় মাসে এই প্রাণঘাতী রোগের উপসর্গ নিয়ে মোট ২৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
টিকাদান কার্যক্রমের মধ্যেও শিশুদের লাশের মিছিল দীর্ঘ হওয়ায় এবং সংক্রমণের হার না কমায় পরিস্থিতি মহামারি আকার ধারণ করছে বলে ধারণা করা হচ্ছে।
এসএফ