ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ৮ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বান্দরবানের তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী

বান্দরবানের তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামায় তীব্র গরমে বিদ্যুতের লোডশেডিংয়ে একই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১৮ শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরই ইউনিয়নের সরই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুতের লোডশেডিংয়ের মধ্যে তীব্র গরমে ক্লাস চলাকালে বিভিন্ন শ্রেণির ১৮ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের জ্ঞান ফিরে আসে। বাকিদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হিট স্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থীরা হলেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া ও মিরতিহান ইবনে জিয়াসহ ছয়জন; সপ্তম শ্রেণির শিক্ষার্থী সমিয়ম ম্রো, শামীমা আক্তার ও মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ সাতজন; অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহিদা বেগম ও তাসমিন আক্তার এবং দশম শ্রেণির শিক্ষার্থী সং লে ম্রো, ফাতেমা আক্তার ও সিফা আক্তার। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

স্থানীয় রহিম উল্লাহ জানান, তীব্র গরমে বিদ্যুতের লোডশেডিংয়ে কারণে আশপাশের স্কুল শিক্ষার্থীরাও আতঙ্কে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল। রোববার দুপুরের দিকে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে একের পর এক শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে যাচ্ছিল। শিক্ষার্থীদের অচেতন হবার দৃশ্য দেখে অনুমান করছি, তারা সবাই হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কয়েকজন শিক্ষার্থীর জ্ঞান ফিরে আসে। বাকিদের স্থানীয় কমিউনিটি ক্লিনিকে পাঠানো হয়।

—এজেড