ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ৮ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

রাজধানীতে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল, নামফলক উদ্বোধন

রাজধানীতে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল, নামফলক উদ্বোধন

রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কের নামফলক উন্মোচনের মাধ্যমে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর শুভ উদ্বোধন করেন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বঙ্গবাজার মোড় হতে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের সড়কটি বর্তমানে ফিনিক্স রোড নামে পরিচিত।

রোববার (২৬ এপ্রিল) এই সড়কের উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সড়কের নামকরণ করা হয়েছে। এমন একজন পীর বুজুর্গ ব্যক্তিত্বের স্মরণে এই নামকরণ করতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাফেজ্জী হুজুরের আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে। স্থানীয় ধর্মীয় নেতাদের অনুরোধ ও জনদাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হয়েছে।

সড়ক উদ্বোধনের পাশাপাশি প্রশাসক জনস্বাস্থ্য ইস্যুতে গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। এডিস মশা যেহেতু পরিষ্কার পানিতে জন্মায়, তাই জনগণের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। আমি নগরবাসীকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখুন যাতে কোথাও পানি জমে না থাকে। কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে নতুন ফগার মেশিন সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারাসহ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

—এজেড