নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখি ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে আত্রাই সরকারি কলেজ মাঠ সংলগ্ন নদীতীরের বেদে পল্লিতে এ দুর্ঘটনা ঘটে। আজ সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আরাফাতুন বেদে সম্প্রদায়ের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই নদীর তীরে পলিথিনের ছাউনি দিয়ে বেদে সম্প্রদায়ের ২৫-৩০টি পরিবার বসবাস করে আসছিল। ভোরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে একটি বড় ইউক্যালিপটাস গাছ উপড়ে ওই নারীর তম্বুর ওপর পড়ে। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পল্লীর বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
—এজেড