ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

এবার হাসানুল হক ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা ২ পুলিশ সদস্য শাস্তির মুখে

এবার হাসানুল হক ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা ২ পুলিশ সদস্য শাস্তির মুখে

সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় তাকে আশ্বস্ত করে ‘টেনশন না করতে বলা’ দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত এই দুই সদস্য হলেন ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেন। বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ২৯ এপ্রিল, যখন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়া হচ্ছিল। সে সময় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত দুই পুলিশ সদস্য ইনুকে উদ্দেশ্য করে বলছেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’ সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যদের এমন আচরণ বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং এটি স্পষ্টতই অপেশাদারিত্ব ও শৃঙ্খলা পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতেই তাদের তাৎক্ষণিকভাবে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিচার চলছে। গতকাল বুধবার তার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন। পুলিশের এই দুই সদস্যের বিরুদ্ধে ডিএমপি এখন বিভাগীয় তদন্ত সাপেক্ষে চূড়ান্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

এসএফ