ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ঢাকায় ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার, ছিলো গুপ্ত হামলার পরিকল্পনা

ঢাকায় ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার, ছিলো গুপ্ত হামলার পরিকল্পনা

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত থেকে দুপুর পর্যন্ত ডিবি রমনা বিভাগের একটি দল এই ধারাবাহিক অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)। বুধবার (২৯ এপ্রিল) ডিবির একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানায় যে, রাজধানীর বিভিন্ন স্থানে বড় ধরনের গুপ্ত হামলার পরিকল্পনা ছিল এই চক্রটির।

পুলিশের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার ভোর ৩টার দিকে কামরাঙ্গীরচরের তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকা থেকে প্রথম ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যে ভোর পৌনে ৬টার দিকে কেরানীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম চৌধুরী এবং দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ এলাকা থেকে রিপন ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দাদের ধারণা, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘক্ষণ ধরে বড় কোনো নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে বিপজ্জনক সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা এবং ড্রোনসহ ড্রোন সংশ্লিষ্ট নানা সরঞ্জাম। এছাড়া তাদের কাছ থেকে মেটাল ডিটেক্টর, একাধিক স্মার্টফোন এবং উগ্রবাদী মতাদর্শের বিভিন্ন বই ও লিফলেট জব্দ করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের এই সমন্বয় দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে, তারা রাজধানীর নির্দিষ্ট কিছু স্থানে সুপরিকল্পিত হামলার ছক কষেছিল।

এসএফ