সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে পলকসহ ভ্যানে থাকা বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সকালে কারাগার থেকে রওনা হওয়ার কিছু সময় পর ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। দুর্ঘটনার পর কড়া নিরাপত্তায় তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকেই এই মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকলেও পলক বর্তমানে কারাগারে রয়েছেন।
জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলাটি বিচারাধীন রয়েছে। আজকের দুর্ঘটনার কারণে ট্রাইব্যুনালের নির্ধারিত কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
এসএফ