ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

৫ জেলায় বন্যার শঙ্কা, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

 ৫ জেলায় বন্যার শঙ্কা, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার বেশ কিছু নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ৪টি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হলো— ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। এর মধ্যে নেত্রকোনার ওপর দিয়ে প্রবাহিত ভুগাই কংস নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় এক থেকে দেড় মিটার বৃদ্ধি পেয়েছে।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই টানা বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরেও ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, এসব অঞ্চলের নদীগুলো তুলনামূলক ছোট হওয়ায় ভারী বৃষ্টিতে দ্রুত পানি বৃদ্ধি পায়। তবে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌলভীবাজার ও নেত্রকোনার কিছু এলাকায় বন্যা শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে।

এসএফ