দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম নির্ধারণের পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য যে, এর আগে গত ২৮ এপ্রিলও ভরিতে সমান পরিমাণ অর্থাৎ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে মোট ৪ হাজার ৪৩২ টাকা কমল। তথ্যমতে, ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৬ বার কমানো হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দামের পরিবর্তন দেখা গিয়েছিল। স্থানীয় বাজারে স্বর্ণের মূল্যের এই নিম্নমুখী প্রবণতা সাধারণ ক্রেতাদের জন্য বেশ স্বস্তির খবর।
এসএফ