কুড়িগ্রামের নাগেশ্বরীতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন, ভূরুঙ্গামারীর আসাদমোড় উত্তর তিলাই এলাকার মো. মনির হোসেনের ৮ বছরের মেয়ে মোছা. ছাদিয়া, একই উপজেলার মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং মাইক্রোবাস চালক মো. লিমন (২৮)। জানা গেছে, মাইক্রোবাসের যাত্রীরা রংপুর থেকে ডাক্তার দেখিয়ে নিজ বাড়ি ভূরুঙ্গামারীতে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএফ