ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

রাঙামাটিতে মৃত হাতির মাংস চুরির চেষ্টা: মাটি খুঁড়ে হানা দিলো ২৫ জনের দল

 রাঙামাটিতে মৃত হাতির মাংস চুরির চেষ্টা: মাটি খুঁড়ে হানা দিলো ২৫ জনের দল

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্যহাতির মাংস চুরির চেষ্টার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার ভাসান্যাদামে এলাকায় মাটিচাপা দেওয়া হাতির মরদেহ থেকে মাংস সংগ্রহ করতে একদল মানুষ হানা দেয়।

এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) লিডার জয়নাল জানান, প্রায় ২৫ জনের একটি দল কোদাল ও দা নিয়ে মৃত হাতিটির মাটি খুঁড়তে শুরু করে। পাহারায় থাকা টিমের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাধা দিলে মাংস চুরির চেষ্টাকারী দলটি পালিয়ে যায়। এর আগে রোববার রাতেও মৃত হাতিটির শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়েছিল দুর্বৃত্তরা, যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

বনবিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, কেউ যাতে মাংস খেতে না পারে সেজন্য হাতিটির শরীরে প্রচুর পরিমাণে ব্লিচিং পাউডার ও কেরোসিন তেল দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছিল। দুর্গম এলাকায় পুনরায় চুরির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের জোরালো পদক্ষেপ ছাড়া এ ধরনের বর্বরতা রোধ করা কঠিন।

মারা যাওয়া এশিয়ান বন্যহাতিটির বয়স ছিল প্রায় ৬৫ বছর। এটি ওই অঞ্চলের অন্যতম বৃহৎ ও বয়স্ক হাতিগুলোর একটি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার রাতে হাতিটি মারা যায়। রোববার সকালে বনবিভাগ যখন হাতিটি উদ্ধার করতে যায়, তখন দেখা গিয়েছিল একটি স্ত্রী হাতি তার মরদেহের পাশে শোক জানাতে অবস্থান করছিল।

বনবিভাগ ও প্রাণী বিশেষজ্ঞদের মতে, একটি বয়স্ক ও মৃত হাতির প্রতি মানুষের এমন আচরণ পরিবেশ ও প্রাণী সুরক্ষায় বড় ধরণের উদ্বেগ তৈরি করেছে।

এসএফ