ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

মুক্তি পেলেন দেড় মাসের শিশুর মা সেই যুব মহিলা লীগ নেত্রী

মুক্তি পেলেন দেড় মাসের শিশুর মা সেই যুব মহিলা লীগ নেত্রী

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। কারাগারের জেলার শিরিন আক্তার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

কারা ফটকে শিল্পী বেগম বলেন, "আমাকে মব সৃষ্টি করে ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ নয়, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি, তবে কোনো পদ-পদবি নেই। মুক্তি পাওয়ায় আদালত ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ।"

তাকে নিতে আসা তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, মিডিয়ার মাধ্যমে বিষয়টি প্রচারের কারণে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরদিন মঙ্গলবার রাতে তিনি দেড় মাস বয়সি কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কারাগারে যান।

এসএফ