মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সপ্তাহে ২ দিন হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতের লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সালের ১১ নম্বর আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে সোমবারের (২০ এপ্রিল) মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার বিচারকদের ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার প্রস্তুতি নিতে বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ফলে জ্বালানি সাশ্রয়ে শিগগিরই সপ্তাহের এ দু’দিন হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হতে যাচ্ছে।
—এজেড