ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বাংলাদেশ থেকে সুগন্ধি চাল আমদানিতে আগ্রহী ব্রুনাই: রাষ্ট্রদূত

বাংলাদেশ থেকে সুগন্ধি চাল আমদানিতে আগ্রহী ব্রুনাই: রাষ্ট্রদূত

কৃষি খাতে সহযোগিতার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান বলেছেন, ব্রুনাই বাংলাদেশ থেকে সুগন্ধি চাল আমদানিতে আগ্রহী। যদিও অতীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব হয়নি, তবে সুগন্ধি চালের পাশাপাশি আম ও কাঁঠালের মতো কৃষি পণ্য রপ্তানির বড় বাজার হতে পারে ব্রুনাই। মুসলিম প্রধান দেশ হিসেবে ব্রুনাইয়ের মানুষ বাংলাদেশি পণ্যের প্রতি বিশেষ আগ্রহ পোষণ করে থাকে। এছাড়া শিক্ষা খাতে ব্রুনাইয়ের চারটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ উন্মুক্ত রয়েছে, যা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বন্ধুপ্রতিম দেশগুলোর শিক্ষা মন্ত্রণালয়ে সমন্বয় করা হয়। তবে তা খুব সীমিত পর্যায়ে রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে দুই দেশের মধ্যে নিয়মিত সাংবাদিকদের সফর এবং তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নওয়াব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত ‘বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ এবং শিক্ষা ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জোরালো সুযোগ রয়েছে। উভয় দেশের মধ্যে বর্তমানে বিনিয়োগ সুরক্ষা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বা দ্বৈত কর পরিহার চুক্তি কার্যকর না থাকায় বাংলাদেশ সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হবে।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো-ইপিবি বা সংশ্লিষ্ট ফেডারেশনের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য মেলার উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে বাংলাদেশে অনুষ্ঠিত বাণিজ্য মেলাগুলোর পরিকল্পনা বিশ্বজুড়ে সঠিকভাবে প্রচার করা হয় না। বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে বিডা, ইপিবি ও বিদেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। একইসঙ্গে দুই দেশের ব্যবসায়ীদের সেতুবন্ধন হিসেবে ‘ব্রুনাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স’ গঠনের বিষয়টিও সংশ্লিষ্টদের বিবেচনার জন্য আহ্বান জানান তিনি।

বিনিয়োগ প্রসঙ্গে রাষ্ট্রদূত ওসমান জানান, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানি ও জার্মান কোম্পানির উপস্থিতি প্রমাণ করে যে, এখানে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। তবে বিদেশি বিনিয়োগকারীদের প্রধান উদ্বেগ হলো দীর্ঘমেয়াদি নীতিমালার অভাব। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক নীতি পরিবর্তনের আশঙ্কায় অনেক বিনিয়োগকারী বর্তমানে পর্যবেক্ষণমূলক অবস্থানে রয়েছেন। বাংলাদেশে একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে ব্রুনাই থেকে সরাসরি বিনিয়োগ আসার পথ সুগম হবে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

—এজেড