বহুমুখী উদ্যোগের ফলে বিশ্বব্যাপী সংকটের মধ্যেও সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের শপথ গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিশ্বজুড়ে তেলের দাম বাড়লেও জনস্বার্থে ভর্তুকি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে তেল ক্রয় এবং কার্যকর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির কারণে বাংলাদেশে তেলের দাম অন্য অনেক দেশের তুলনায় যথেষ্ট কম রাখা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন দীর্ঘ সময় ধরে চলে আসা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের জন্য ধন্যবাদ জানান। তবে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোতে বিরোধী দল সহযোগিতা না করে সংসদে হট্টগোল ও আন্দোলনের হুমকি দিচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
একই সাথে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিখ্যাত সাময়িকী 'টাইম'-এর প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়া তাঁর দূরদর্শী নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের আন্তর্জাতিক স্বীকৃতি, যা সমগ্র বাংলাদেশের বিজয়।
এসএফ