প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছে, তা একটি ক্ষমাহীন অপরাধ। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটা রোধ করা সম্ভব হয়েছে এবং আগামীতে এ ক্ষেত্রে আরও উন্নতি হবে।
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা এবং সরকারের নির্দেশনাগুলো তাঁদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএফ