ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও দীর্ঘ আড়াই মাসে নিয়োগ ও পদায়ন না হওয়ায় রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী। আগামী রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘লাগাতার অবস্থান কর্মসূচি’ পালন করবেন তাঁরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আন্দোলনের ঘোষণা দেন প্রার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি এই নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এবং ১ মার্চের মধ্যে প্রার্থীদের সনদ যাচাই ও পরিচিতি প্রতিপাদনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে আড়াই মাস অতিবাহিত হলেও এখনো নিয়োগপত্র প্রদান করা হয়নি। প্রার্থীদের অভিযোগ, নিয়োগের আশায় অনেকে আগের বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে তাঁরা চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতা দেখা দেওয়ায় প্রার্থীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

উল্লেখ্য, পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ইতিপূর্বে কর্তৃপক্ষকে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রার্থীরা এখন সরাসরি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। নিয়োগ ও পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী প্রার্থীরা।