ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ২৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

প্রাথমিক বৃত্তি পরীক্ষার এক জেলার খাতা মূল্যায়ন করা হবে অন্য জেলায়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার এক জেলার খাতা মূল্যায়ন করা হবে অন্য জেলায়

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন এই নির্দেশনা অনুযায়ী, খাতা মূল্যায়নের ক্ষেত্রে এক জেলার উত্তরপত্র অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে প্রতিদিনের উত্তরপত্র নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করতে হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলা থেকে জেলা পর্যায়ে পাঠাতে হবে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, রাঙামাতি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল এবং চলবে ২০ এপ্রিল পর্যন্ত। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব হবে চারটি বিষয়ের সব উত্তরপত্র একত্রে নির্ধারিত সময়ের মধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া; যা ৬১ জেলার জন্য ১৯ এপ্রিল এবং পার্বত্য জেলাগুলোর জন্য ২১ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় উপপরিচালকদের ১৮ এপ্রিলের মধ্যে এক জেলার উত্তরপত্র অন্য জেলায় পাঠানোর বিষয়ে দাপ্তরিক আদেশ জারি করতে বলা হয়েছে। পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের তত্ত্বাবধানে ২০ এপ্রিলের মধ্যে ৬১ জেলার এবং ২২ এপ্রিলের মধ্যে পার্বত্য জেলাগুলোর উত্তরপত্র সংশ্লিষ্ট মূল্যায়নকারী জেলায় পাঠাতে হবে। এছাড়া ইংরেজি ভার্সনের উত্তরপত্রগুলোর জন্য আলাদা প্যাকেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত নীতিমালা ও কর্মপরিকল্পনা কঠোরভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ করার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

এসএফ