ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার

বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে একটি বাসের ধাক্কার ঘটনায় চালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে। বাসটির ধাক্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাসচালক ওমর ফারুককে নিজেদের হেফাজতে নেয়।

এই অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার ভিত্তিতেই পুলিশ চালককে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। প্রতিমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএফ