যশোর শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচজনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—শহরের কাজীপাড়া এলাকার সৈয়দ তৌফিক জাহান, শফিকুল ইসলাম সুজন, বাবলু শেখ, সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার আনোয়ার হোসেন বাবু। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে জেলা পুলিশের একাধিক টিম এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত দুটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওগুলোতে শহরের গরীবশাহ রোডে যুবলীগের ব্যানারে মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পরপরই জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানিয়েছেন, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে গোপনে কার্যক্রম পরিচালনা করছিলেন এবং যুবলীগের ওই মিছিলের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই মিছিলের নেপথ্যে থাকা অন্য সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।