ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নওগাঁয় দেশি অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় দেশি অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার বোয়ালিয়ার সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২ টায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে সান্তাহার-নাটোর সড়কের সাহাপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান, আটটি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বাড়ি জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মহাসড়কে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সড়কে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এই চক্রটি গ্রেপ্তার হওয়ায় আঞ্চলিক সড়কগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে। পলাতক বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ ব্যানার্জীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

—এজেড