দিনাজপুরের হাকিমপুর উপজেলার ব্যস্ততম হিলি বাজার এলাকায় কয়েকটি রেইনট্রি গাছের বড় বড় ডাল দীর্ঘদিন ধরে শুকিয়ে ঝুলে রয়েছে। বাজারের প্রধান সড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এসব ডাল যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে প্রাণহানির শঙ্কাও রয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা
প্রতিদিন হাজারো মানুষের চলাচল ও যানবাহনের চাপের মধ্যে এই সড়ক দিয়ে স্কুলগামী শিক্ষার্থী, নারী-শিশু, ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শুকনো ডালগুলো এখন বাজারজুড়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বাতাস উঠলেই ডালগুলো দুলতে থাকে, এতে যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।
বাজারের ব্যবসায়ী মাহবুব হোসেন জানান , ডালগুলো অনেক আগেই শুকিয়ে গেছে। বাজারে মানুষের চলাচল বেশি। দ্রুত কাটার ব্যবস্থা না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
হিলি বাজারের দোকানি হুমায়ুন জানান, এই গাছগুলোর ডাল অনেকদিন ধরে শুকিয়ে আছে। প্রতিদিন শত শত মানুষ এর নিচ দিয়ে চলাচল করে। যে কোনো সময় ডাল পড়ে গেলে বড় ক্ষতি হয়ে যেতে পারে।
পথচারী সৈয়দ আল ইমরান জানান, বাজারে পুরাতন গাছগুলোতে শুকনো ডাল রয়েছে। কখন ভেঙে পড়ে কে জানে। আতঙ্ক নিয়েই আমাদের চলতে হয়।
বাংলা হিলি বাজার হাট কমিটির সাধারণ সম্পাদক মো. আরমান আলী প্রধান জানান, বাজার এলাকায় মানুষের চলাচল বেশি হওয়ায় ডালগুলো দ্রুত অপসারণ করা জরুরি। না হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। জননিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে হিলি বাজারের পল্লী চিকিৎসক দন্ত এহসান জানান, একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে তার চেম্বারের ওপর পড়ে যায়। ওই ঘটনায় অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। তবে সেই ঘটনার পরও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
—এজেড