ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

জামালপুরে নার্সের গাফিলতিতে স্কুলছাত্রীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত

জামালপুরে নার্সের গাফিলতিতে স্কুলছাত্রীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত

জামালপুর জেনারেল হাসপাতালে একজন নার্সের চরম গাফিলতির কারণে আফসানা আক্তার নামের এক শিশুর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত প্রয়োগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষে এই ঘটনা ঘটে। আফসানা শেরপুর সদর উপজেলার আনিসুর রহমানের মেয়ে এবং নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। কয়েকদিন আগে পেটে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং মঙ্গলবার তার অপারেশন সম্পন্ন হয়।

রোগীর স্বজনদের দাবি, অপারেশনের পর বিকেলে প্রয়োজন না থাকা সত্ত্বেও এবং পরিবারের পক্ষ থেকে বারবার আপত্তি জানানো সত্ত্বেও আখি নামের এক নার্স জোর করে রক্ত প্রয়োগ করেন। শিশুটির রক্তের গ্রুপ 'এ-নেগেটিভ' হলেও তাকে 'ও-পজিটিভ' গ্রুপের রক্ত দেওয়া হয়। কিছুক্ষণ পর ভুল বুঝতে পেরে ওই নার্স নিজেই রক্ত দেওয়া বন্ধ করে দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত চিকিৎসকরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া শুরু করেন এবং বর্তমানে সে কিছুটা সুস্থ রয়েছে বলে জানা গেছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে শিশুর পরিবার জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএফ