চট্টগ্রামের রাউজানে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ) সকাল ১০ ঘটিকায় উপজেলা সদরের কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশের মোট জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে কৃষকরাই ভরসা। কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে। কৃষি সেক্টর গুরুত্বপূর্ণ বিধায় কৃষির প্রতি আলাদা জোর দিয়েছেন সরকার। আগামী এক বছরে দেশে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে কৃষি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলে একজন কৃষক এই কার্ডের মাধ্যমে কৃষি সম্পর্কিত ১০ টি সেবা গ্রহণ করতে পারবেন। কৃষি সেক্টরে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
উপজেলা কৃষি অফিসার মো: মাসুম কবিরের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার চিকু কুমার বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার সঞ্জীব কুমার সুশীল, শিবু শংকর দে, ইমরান হোসেন, মোঃ নাজিম উদ্দীন, সঞ্জয় চন্দ, আহমদ শাহ, জুয়েল দাশ প্রমুখ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে ৪ হাজার কেজি বীজ, ৮ হাজার কেজি ডিএপি ও ৮ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়। এতে প্রতিজন কৃষক বিনামূল্যে ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার ও ৫ কেজি উফশী জাতের আউশ বীজধান গ্রহণ করেন।
—এজেড