নওগাঁর মান্দায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এরশাদ আলী (৪০) নামে এক অসাধু ব্যবসায়ী ও লরি চালককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক এরশাদ আলী উপজেলার চক বাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে বৈদ্যপুর বাজারের জনতা ব্যাংক ভবনে বসবাস করেন। তবে আটক লরি চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে একটি চক্র গভীর রাতে লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে মান্দা থানা পুলিশ। রাত দুইটার দিকে বৈদ্যপুর বাজারে তেল নামানোর সময় ব্যবসায়ী এরশাদ ও লরি চালককে আটক করা হয়। এ সময় তেলবাহী লরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তারা জানান, এই সিন্ডিকেটের সঙ্গে মঞ্জুরুল নামে অপর এক ব্যবসায়ী সরাসরি জড়িত রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি বলেন,বুধবার সকালে আটকের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক সদস্য মঞ্জুরুলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
—এজেড