বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার অবসান ঘটাতে ইরান ওয়াশিংটনের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। তবে এই প্রস্তাবের সঙ্গে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে তেহরান।
খবর অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে এবং যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে তাদের শর্ত হলো— 'পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে।' অর্থাৎ, বর্তমান সংকট সমাধানে পারমাণবিক ইস্যুটিকে আপাতত আলোচনার বাইরে রাখার প্রস্তাব দিয়েছে তারা। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এমন এক সময়ে এই খবরটি সামনে এল, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।
তবে ইরানের এই প্রস্তাবে মার্কিন প্রশাসনের মধ্যে কিছুটা উদ্বেগও কাজ করছে। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালি খুলে দেওয়া হয় এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া হয়, তবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার মতো বড় কোনো হাতিয়ার ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকবে না। ফলে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করতে বা দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য যে, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের কারণে বর্তমানে এই কৌশলগত জলপথটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্ব তেল বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন ইরানের এই নতুন শর্ত মেনে নিয়ে কোনো সমঝোতায় পৌঁছায় কি না।
এসএফ