মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। প্রতিপক্ষের যেকোনো ধরনের উস্কানি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল বুধবার শেষ হতে যাচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে দুই দেশই তাদের সামরিক নজরদারি ও তৎপরতা আগের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর 'খাতাম আল-আম্বিয়া' সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি জানিয়েছেন, সামরিক দিক থেকে ইরান বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ 'হরমুজ প্রণালি' নিয়ন্ত্রণে রাখার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে এই শীর্ষ কমান্ডার আরও বলেন, মাঠের প্রকৃত পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সম্প্রতি এই প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মুখে দুই দেশের এই মুখোমুখি অবস্থান পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।
এসএফ