আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
গতকাল সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন পরীক্ষার সার্বিক প্রস্তুতির কথা জানান। তাঁরা জানান, ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে কেন্দ্র এলাকা যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
পরীক্ষায় স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহ ধরে শিক্ষা বোর্ডগুলো নিয়মিত জরুরি নির্দেশনা জারি করেছে। এবার ৩ হাজার ২০৯টি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় আগে থেকেই সিসি ক্যামেরা ছিল, আর নতুন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনে কেন্দ্র সচিবদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয়েছে।
এসএফ