ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

মিডিয়া নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

মিডিয়া নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং এর পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। মিডিয়া নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা আমাদের নেই। মিডিয়া তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করে যাবে। এটি প্রধানমন্ত্রীর নীতি। সরকার চায় গণমাধ্যম শক্তিশালী হোক, যাতে তারা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে পারে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেনপ্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বর্তমানে মিস-ইনফরমেশন (ভুলতথ্য) ও ডিস-ইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। বিশেষ করে অনলাইনে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো যেন আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। প্রকৃত তথ্য যেন জনগণের মধ্যে আসে, সে লক্ষ্যেই কাজ চলছে। আইপিটিভি’র বিদ্যমান নীতিমালাগুলো পর্যালোচনা করা হচ্ছে।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও আবাসনের বিষয়ে আশার কথা শুনিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা দ্রুত আধুনিকায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সরকারি ক্রোড়পত্র বণ্টন প্রক্রিয়ায় বৈষম্য দূর করার ঘোষণা দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ক্রোড়পত্র বণ্টনের ক্ষেত্রে একটি নীতিমালা করা উচিত, যাতে কেউ বঞ্চিত না হয়। আমরা চাচ্ছি সবাই যেন সুষমভাবে এই সুবিধা পায় এবং কোনো নির্দিষ্ট পত্রিকা যেন বারবার সুবিধা না পায়।

—এজেড