ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

মহেশখালীতে জাতীয় গ্রীডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

মহেশখালীতে জাতীয় গ্রীডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

কারিগরি ত্রুটি সমাধানের পর কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

পেট্রোবাংলা জানায়, মহেশখালীতে টার্মিনালটির কারিগরি ত্রুটি দুপুর ১২টার দিকে সমাধান করা হয়েছে। এর ফলে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পায়। এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছিল। সাময়িক এই সমস্যার কারণে গ্রাহকদের ভোগান্তি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছিল। টার্মিনালটি পুনরায় সচল হওয়ায় এখন সেই ভোগান্তি দূর হবে বলে ধারণা করা হচ্ছে।

এসএফ