ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

কর্মস্থলে ফেরার পথে ছিনতাইকারীর হাতে শ্রমিক নিহত

কর্মস্থলে ফেরার পথে ছিনতাইকারীর হাতে শ্রমিক নিহত

গ্লোবাল টিভি ছবি

মোঃ  শাহীন আলম, আশুলিয়া, (ঢাকা): ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন বাড়িতে। সেখান থেকে আর কর্মস্থলে ফেরা হলো না খোকন মিয়া (২৮) নামে এক পোশাক শ্রমিকের, পথেই ছিনতাইকারির কবলে প্রাণ হারাতে হয়েছে তাকে।

বৃহস্পতিবার (১২জুন)  দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অপস ট্রাফিক (উত্তর) আরাফাতুল ইসলাম এসব তথ্য জানান।

বুধবার ভোর রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় ছিনতাইকারীর কবলে পরে প্রাণ হারান খোকন মিয়া।  এঘটনায় বৃহস্পতিবার ভোর রাতে বাইপাইলের এসএ পরিবহনের গলি থেকে একজনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। তার কাছে থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত একটি চাকু ।

নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামধলা গ্রামের মো. সোলেমান মিয়ার ছেলে গ্রেপ্তার মো.মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ  ওরফে রানা পেশাদার ছিনতাইকারী ও তার বিরুদ্ধে এর আগেও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান পুলিশ।  

নিহত ব্যক্তি হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার বালুয়া ভাটারপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে খোকন মিয়া (২৮)। তিনি স্ত্রীকে নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অপস ট্রাফিক (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার ২৪ ঘন্টার ভিতরে ঘটনায় জড়িত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হবে।