ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ৪ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

১৫ বছর কেটেছে মালয়েশিয়ার জঙ্গলে, ২৭ বছর পর দেশে ফিরছেন আমির

১৫ বছর কেটেছে মালয়েশিয়ার জঙ্গলে, ২৭ বছর পর দেশে ফিরছেন আমির

২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা ছিল। জীবিকার সন্ধানে প্রায় ৩০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমানো এই ব্যক্তির জীবনের গত ১৫ বছর কেটেছে সেদেশের গভীর জঙ্গলে মানবেতর অবস্থায়।

প্রবাস জীবনের শুরুর দিকে তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী দীর্ঘ ২৭ বছর আমিরের কোনো খোঁজ ছিল না। কোনো খবর না পেয়ে পরিবারের সদস্যরা এক সময় আশা ছেড়ে দিয়েছিলেন এবং ধারণা করেছিলেন তিনি হয়তো আর বেঁচে নেই। তবে সম্প্রতি মালয়েশিয়ায় অবস্থানরত কিছু প্রবাসী বাংলাদেশির উদ্যোগে আমিরের ভাগ্যে এক নাটকীয় মোড় আসে। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস এবং পেনাং রাজ্যের দিপু নামের এক প্রবাসীর প্রচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিষয়টি প্রচারিত হলে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।

এরপর মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁকে ট্রাভেল পাস প্রদান করে। সাংবাদিক বাপ্পি কুমার দাসের উদ্যোগেই তাঁর দেশে ফেরার সব ব্যবস্থা সম্পন্ন হয়। দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় পর প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দে ভাসছে আমিরের পরিবার। একই সঙ্গে আমিরের এই ফিরে আসা প্রবাস জীবনের অজানা ঝুঁকি ও অনিশ্চয়তার এক মর্মস্পর্শী বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।