ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ৪ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে

আগামী জুলাই মাস থেকে শিক্ষার্থীদের কাছে পাটের তৈরি স্কুল ব্যাগ ও ড্রেস পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মাহদী আমিন জানান, সরকারের লক্ষ্য হলো প্রথম ধাপে সারাদেশে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী পৌঁছে দেওয়া। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি উপজেলার স্থানীয় প্রশাসন দুটি করে স্কুল নির্বাচন করবেন। মূলত তিনটি মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় ও অর্থায়নে এই বিশেষ প্রকল্প পরিচালিত হবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে বলেন, পাট-শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য। পলিথিনের ক্রমবর্ধমান ব্যবহার এবং এর ফলে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার জনপ্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও এই প্রকল্পে তিন মন্ত্রণালয়ের সমন্বিত সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমেই সমাজকে পরিবেশ সচেতন করে তোলার এক নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে।

এসএফ