গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ার জেরে তালা ঝোলানোর ঘটনায় স্থানীয় বিএনপির ৬ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
গত রোববার (১৯ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে।
বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন, গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার ও মো. হাসমত আলী হাসু এবং সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি জানান, ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২০ এপ্রিল গাজীপুর ইউনিয়ন বিএনপির জরুরি সভায় ২২ সদস্য সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সুপারিশ করেন এবং উপজেলা বিএনপির কাছে প্রতিবেদন জমা দেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক। এ কারণেই সংগঠনের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এসএফ