ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না: নাহিদ ইসলাম

অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই। এনসিপিতে যেকোনো প্লাটফর্ম থেকেই আসুক না কেন আমরা তাদের গ্রহণ করবো। এক্ষেত্রে ছাত্র অধিকার, ছাত্রলীগসহ যেকোনো সংগঠনকে থেকে আসতে পারবে। তবে কেউ যদি গুম, খুন, চাঁদাবাজি, জুলাই গণহত্যা, সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের গ্রহণ করা হবে না।

নাহিদ ইসলাম বলেন, আজকের দিনটি জাতীয় নাগরিক পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে যারা সহযোদ্ধা হিসেবে ছিলেন তারা আজ এনসিপিতে যোগদান করেছেন। আজ যারা যোগ দিয়েছে তারা ভিন্ন প্লাটফর্মে কাজ করলেও আমাদের লক্ষ্য এক ছিলো। এই বাংলাদেশে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, আমরা তরুণদের সঙ্গে নিয়ে আবার এক হয়েছি। আজকে যারা আসছে আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন।

তিনি আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এ জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা দেশটাকে আবার আগে বন্দোবস্তে ফিরিয়ে দিতে পারি না। কিন্তু বিএনপি সরকার সকল সম্ভাবনাকে নষ্ট করে দিয়ে সকল সেক্টরকে দলীয়করণ করছে। কিন্তু আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন দেশ গড়তে। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিবর্তে ‍পুরনো বন্দোবস্তে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে এবং কোনো পরিবর্তন হয়নি।

—এজেড