বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসকের পরামর্শে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। মির্জা আব্বাস গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় গমন করেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানান।
মির্জা আব্বাসের একান্ত সচিব জানান, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। বর্তমানে মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া চলবে মালয়েশিয়ায়। দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তখন অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
—এজেড