যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গিয়ে নিখোঁজ হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পাঁচ দিনেও কোনো সন্ধান মেলেনি। নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের এই শিক্ষার্থী বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। গত বৃহস্পতিবার পরিবারের সঙ্গে শেষ কথা হওয়ার পর এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে গিয়ে তিনি নিখোঁজ হন। রহস্যজনকভাবে তাঁর এবং ওই সহপাঠীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে। ফোন ট্র্যাকিংয়ে তাঁর সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে পাওয়া গেলেও এরপর আর কোনো হদিস মেলেনি। মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) এই তদন্তে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতেও খোঁজ নিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য মেলেনি।
বৃষ্টির পরিবার যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে নোবিপ্রবির সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেহা নুর রুবেল জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। নিখোঁজ হওয়ার এতদিন পার হয়ে যাওয়ায় বৃষ্টির বন্ধু-বান্ধব ও সহপাঠীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে এবং তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এসএফ