ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ০ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ফ্রান্সের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৪ বাংলাদেশি বংশোদ্ভূতের জয়

ফ্রান্সের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৪ বাংলাদেশি বংশোদ্ভূতের জয়

ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন– সাঁ-দেনি থেকে নাহিদুল ইসলাম, স্তা থেকে কৌশিক রাব্বানী খান, ক্রেতেই থেকে ফাহিম মোহাম্মদ এবং ইভ্রি-সুর-সেন থেকে জুবায়েদ আহমেদ।

রোববার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে তাদের বিজয় নিশ্চিত হয়। এই অর্জনকে ফরাসি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তাদের মধ্যে অন্য কারও বিজয়ের খবর পাওয়া যায়নি।

সাঁ-দেনি থেকে নির্বাচিত নাহিদুল ইসলাম বামপন্থি রাজনৈতিক শক্তি লা ফ্রান্স ইনসুমিস-এলএফআই সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নতুন প্রত্যাশার সঞ্চার করেছেন। অন্যদিকে স্তা শহরে কৌশিক রাব্বানী খান পুনর্নির্বাচিত হয়ে দীর্ঘদিনের কমিউনিটি সম্পৃক্ততার স্বীকৃতি পেয়েছেন।

ক্রেতেই শহর থেকে সোশ্যালিস্ট পার্টির প্যানেলের প্রার্থী হিসেবে নির্বাচিত ২৫ বছর বয়সী ফাহিম মোহাম্মদ তরুণ প্রজন্মের এক উজ্জ্বল প্রতিনিধি। শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে দাবা খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়া এই তরুণ বর্তমানে পেশাগতভাবে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। ইভ্রি-সুর-সেন শহরে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তরুণ ক্রিকেটার জুবায়েদ আহমেদ। তিনি বামঘেঁষা ‘ফ্রন্ট পপুলেয়ার’ জোটের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

উল্লেখ্য, এবারের পৌর নির্বাচনে বড় শহরগুলোতে বামপন্থিরা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও কিছু এলাকায় ডানপন্থি ও কট্টর ডানপন্থি দলগুলোর অগ্রগতিও লক্ষ করা গেছে, যা ফ্রান্সের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।